স্বামী ও প্রতিবেশীদের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দরে এক প্রবীণ নারী (৫৫) তাঁর সফর শেষে বাড়িতে ফিরে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির প্রতিবাদ করায় নিজ স্বামী ও প্রতিবেশীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। লুটতরাজ ও ভাঙচুরের পর তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৬ জুন) রাতে পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ রোকেয়া বাদী হয়ে স্বামীসহ ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রোকেয়া বেগম জানান, তিনি গত ৩০ মে পারিবারিক কাজে কুমিল্লা ও পরে সিলেট ভ্রমণে গিয়েছিলেন। রোববার বাসায় ফিরে তিনি দেখতে পান আলমারিতে রাখা নগদ ১ লক্ষ টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার নেই। এ বিষয়ে স্বামী আলী আকবর (৭০)-কে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবেশী জামান, পিংকি ও মাজেদাকে ডেকে আনেন। তারা চুরির বিষয়টি অস্বীকার করে উল্টো রোকেয়া বেগমের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এলোপাথাড়ি পিটিয়ে জখম করে এবং তাঁর নামে মিথ্যা অপবাদ দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা ঘর থেকে আরও কিছু মালামাল লুট করে নিয়ে যায়। বিবাদীগণ দেশীয় অস্ত্র উঁচিয়ে রোকেয়া বেগমকে এলাকা ছাড়ার এবং বাড়াবাড়ি করলে খুনের হুমকি দেয়।
কান্নাজড়িত কণ্ঠে রোকেয়া বেগম বলেন, “আমি বাইরে থাকা অবস্থায় আমার জমানো টাকা ও সোনা উধাও হয়ে গেল। জিজ্ঞেস করায় তারা আমাকে মারধর করলো। আমি এখন নিজের ঘরেই অনিরাপদ। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা চাই।




