ষ্টাফ রিপোর্টার:
বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার নাসিক ২৪নং ওয়ার্ডের আমিরাবাদ বাজারে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুন্ডলীতে ভরে যায় আশপাশের এলাকা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, আগুন নেভাতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।
তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।




