থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন একরামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে জমির প্রকৃত মালিক মোঃ দোলোয়ার হোসেনকে (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, একরামপুর ২৩নং ওয়ার্ড এলাকায় দোলোয়ার হোসেনের মালিকানাধীন জায়গায় সেলিম কাজী নামক এক ব্যক্তি দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি সেলিম কাজী উক্ত জায়গাটি নিজের দাবি করে অবৈধভাবে দখলের চেষ্টা চালালে মালিক পক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগ উঠেছে, গত ২৫ এপ্রিল বিবাদী সেলিম কাজী মামলার তোয়াক্কা না করে প্রকাশ্যে উক্ত জায়গায় একটি দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে জমির মালিক দোলোয়ার হোসেন সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করলে সেলিম কাজী ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী দোলোয়ার হোসেন তাৎক্ষণিক বন্দর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত সাড়া দেয়। ঘটনাস্থলে বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা এসএস আই জহিরুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অবৈধ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
দোলোয়ার হোসেন বলেন, “জায়গাটি আমাদের পৈত্রিক ও কেনা সম্পত্তি। মামলা চলাকালীন অবস্থায় তারা জোর করে দোকান তুলছে। বাধা দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”
এলাকায় বর্তমানে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




