ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে অন্তত ২৫ যাত্রীর টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। পাঁচজনের একটি ডাকাতদল বাসে উঠে চালকের দেশি অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে এসব মালামাল লুট করা হয়েছে অভিযোগ যাত্রীদের।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী সিফাত পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, রাত ১০টার দিকে জামালপুর থেকে ঢাকা মেট্রো-ব-১৩-২৪৪৪ নম্বরের সিফাত পরিবহনের বাসটি প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নামার পর রাত ৩টার দিকে বাসটি ভুইগড় এলাকায় পৌঁছায়।
সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে জোর করে বাসে ওঠে। তখন বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। ডাকাতরা চালকের বুকে বড় একটি ছুরি ধরে যাত্রীদের ভয় দেখায়। পরে একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে বাস থেকে নেমে পালিয়ে যায়।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকিট কাউন্টারকর্মী বিপ্লব জানান, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর চালক যাত্রীদের নিয়ে কোর্ট এলাকার কাউন্টারের সামনে আসেন। তখন যাত্রীরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুটের কথা জানান।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বলেন, যেখানে বাসের পথরোধ করা হয়েছিল, তার আশপাশেই আমরা ছিলাম। কেউ ডাক-চিৎকার দিলে আমরা এগিয়ে যেতাম।
অপরাধীরা পালিয়ে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা আমাদের বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের কাছে আমরা জানতে পেরেছি, তারা দেশি ধারালো অস্ত্রের মুখে টাকা এবং মোবাইল নিয়ে যায়।
তিনি আরো জানান, যাত্রীরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে গিয়েছিল, তারা প্রতিরোধ করলে ঘটনাটি এড়ানো যেত। দুর্বৃত্তরা মাত্র দুই জন বাসের ভিতরে উঠেছিল এবং নিচে একজন ছিল।




