ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে নিয়মিত মাদকসেবনকারীদের গ্রেপ্তার করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ডিলাররা।
অভিযোগ উঠেছে, প্রতিদিন চুনোপুঁটি মাদকসেবীদের ধরে থানার হাজতখানা পূর্ণ করা হলেও মূল রাঘববোয়ালদের আস্তানায় কোনো কার্যকর অভিযান পরিচালিত হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, বন্দর থানায় যোগদানের পর থেকেই ওসি জামাল উদ্দিন মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন ঠিকই, তবে তা অনেকটাই ‘লোক দেখানো’। সাধারণ মাদকসেবীদের গ্রেপ্তার করে বন্দরবাসী তথা পুলিশ সুপারের সুনজরে আসার চেষ্টা করা হলেও তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশের এমন রহস্যজনক নিষ্ক্রিয়তায় বীরদর্পে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে ডিলাররা। এতে বন্দরে মাদকের বিস্তার কমার বদলে আরও বৃদ্ধি পাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, বন্দর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। মাদক জোন হিসেবে পরিচিত এলাকাগুলোর মধ্যে রয়েছেÑবন্দর বউ বাজার, সিএসডি চক, ইস্পাহানি বাজার, বাবুপাড়া, সালেহনগর, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, কলাবাগান এবং মদনগঞ্জ।
এছাড়া কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর কবরস্থান রোড, সুচিয়ারবন্দ, বুরুন্দী, আলীনগর স্কুলের পার্শ্ববর্তী এলাকা, চরঘাড়মোড়া পুরাতন অটো রাইস মিল, শান্তিনগর বালুর মাঠ, হাজীপুর, কল্যান্দি, আদমপুর, জিওধরা, মাধবপাশা, দিঘলদী, বাগবাড়ি স্ট্যান্ড, রমজান মার্কেট, কুশিয়ারা, তিনগাঁও, নাসিম ওসমান মডেল স্কুলের পেছনে, বেজেরগাঁও, মিনারবাড়ি, হরিবাড়ি, তাজপুর, বরপা, চিড়ইপাড়া, কাজীপাড়া, বাজুরবাগ, মালিবাগসহ ধামগড় ও মদনপুরের বিভিন্ন স্পটে জমজমাটভাবে মাদকের লেনদেন চলছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, উল্লিখিত স্পটগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে চিহ্নিত মাদকসেবীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও ডিলারদের কোনো আস্তানায় অভিযান চালানো হয়নি। ফলে ডিলারদের নিয়ন্ত্রণে থাকা নেটওয়ার্ক অক্ষত থাকছে এবং যুবসমাজকে মাদকের অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, যার বিরুদ্ধে তথ্য পাচ্ছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি।
এলাকাবাসীর দাবি, শুধু মাদকসেবনকারী নয়, মাদকের বিস্তার চিরতরে বন্ধ করতে হলে চিহ্নিত ডিলার ও মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বন্দরবাসী।




