ষ্টাফ রিপোর্টার:
ঢাকায় বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় মারধরের শিকার হওয়ার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট শাহ আলম মানিক। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগের ব্যাখ্যা দেন। একই সঙ্গে তাঁকে যুবলীগের সহযোগী, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং একটি প্রতিষ্ঠান দখলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। লিখিত বক্তব্যে শাহ আলম মানিক বলেন, গত ০৭ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালীতে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় দলীয় নির্দেশনা অনুযায়ী তিনিও শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় তাঁকে ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়ে সামনে যাওয়ার সময় তাঁর গেঞ্জি ধরে টান দেওয়া হয়। একপর্যায়ে গেঞ্জিটি ছিঁড়ে গেলে তিনি সামনে থেকে সরে আসেন। পরে তার এক কর্মীর থেকে কাছ থেকে আরেকটি গেঞ্জি নেন। কিন্তু ঘটনাটির ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে তাঁকে মারধরের শিকার হিসেবে প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, প্রকৃত ঘটনা এমন ছিল না। একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
এ ছাড়া ‘ আমরা বিএনপির পরিবার’ নামে একটি ফেসবুক আইডি ও পেজ খুলে তাঁকে, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, তাঁর পিএস সেলিম দিপু, শাহ আলম মানিক, তার ভাই হানিফ, যুবদলের নেতা সাগর, মহানগর মহিলা দলের নেত্রী দিনা সহ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব প্রচারের পেছনে ছাত্রলীগের এক নেতার সংশ্লিষ্টতার অভিযোগও করেন শাহ আলম মানিক। তাঁর ভাষ্য, পরবর্তী সময়ে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ওই ছাত্রলীগ নেতা রাজীবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি মিথ্যা তথ্য ও বিকাশের মাধ্যমে অর্থায়নের বিষয়টি স্বীকার করে এবং ৬নং ওয়ার্ডের দুই জন তার প্রতিপক্ষ নেতার জড়িত থাকার নাম আসে বলেও দাবি করেন শাহ আলম মানিক।
যুবলীগ নেতা মতির সহযোগী হিসেবে পরিচিতি এবং একটি প্রতিষ্ঠান দখলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করলেও তাঁকে বিভিন্ন সময় যুবলীগের নেতার সহযোগী হিসেবে প্রচার করা হয়েছে। একটি প্রতিষ্ঠান দখলের অভিযোগও সত্য নয়। ব্যবসা পরিচালনার জন্য মাসিক ৫০ হাজার টাকা চুক্তিতে প্রতিষ্ঠানটি ভাড়া নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকেও বিষয়টি যাচাই করার আহ্বান জানান তিনি।
ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যাখ্যা দিয়ে শাহ আলম মানিক বলেন, ৬ নম্বর ওয়ার্ড একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয়দের নিয়ে পঞ্চায়েত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় স্থানীয় বিএনপি নেতা হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি যুবলীগ নেতা মতির পাশের আরেকটি আসনে বসার একটি ছবি নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা ছিল সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ।
তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মসজিদ কমিটি কিংবা সাংবাদিকদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি থাকা স্বাভাবিক বিষয়। শুধু একসঙ্গে ছবি থাকলেই কারও রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নির্ধারণ করা যায় না।
শাহ আলম মানিক বলেন, তাঁর জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর আংশিক অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারের বিষয়টি যাচাই করার আহ্বান জানান তিনি।




