ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা আবদুর রহমান (২৬) ও মুনসুর (২০)। তাঁরা দুজনই ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মিঠুন ও রাব্বির মাদক বিক্রির আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের দুই সহযোগীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে এসআই মিজানুর রহমান, পিপিএম, মফিজুল ইসলাম, পিপিএম এবং মাহমুদুর রহমানসহ ডিবির সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




