ষ্টাফ রিপোর্টার:
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থী আমাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছে। তাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বুধবার এ তথ্য জানান তিনি। এ ছাড়া আইসিইউতে ভর্তি থাকা চারজন রোগীর শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।
ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখানে আসা রোগীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য দুটি পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় কিছু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
সর্বশেষ পরিস্থিতি ও চিকিৎসাসংক্রান্ত হালনাগাদ তথ্য আজ দুপুর ২টার দিকে জানানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সবার সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।




