শফিক গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে স্বপন-নাসির: ফতুল্লায় তেল চুরি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ
বৈষম্যবিরোধী মামলার আসামি হয়েও প্রকাশ্যে চলাফেরা, বিএনপি নেতাদের ম্যানেজ করে তেল চুরির অভিযোগ
নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা শফিক গ্রেপ্তার হলেও একই মামলার আসামি হিসেবে অভিযুক্ত তার কথিত সিন্ডিকেটের দুই সদস্য মোহাম্মদ স্বপন ও মোহাম্মদ নাসির এখনো গ্রেপ্তার হননি।
তাদের বিরুদ্ধে প্রকাশ্যে চলাফেরা, স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গ্রেপ্তার এড়ানো এবং যমুনা অয়েল ডিপো ঘিরে তেল চুরির কর্মকাণ্ড অব্যাহত রাখার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সমঝোতা করে তারা নিজেদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের ঘনিষ্ঠ পরিচয় ও রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে ফতুল্লার যমুনা অয়েল ডিপো এলাকায় একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছিলেন শফিক, স্বপন ও নাসিরসহ কয়েকজন।
ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরে ডিপোকেন্দ্রিক তেল চুরি, চাঁদাবাজি ও নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, ওই চক্রের প্রভাবের কারণে তখন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পেতেন না। ডিপো এলাকায় তাদের কথিত আধিপত্যের কারণে সাধারণ শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যত অসহায় ছিলেন। তেল চুরি ও চাঁদাবাজির মাধ্যমে চক্রটির কয়েকজন সদস্য বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরও পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপন ও নাসির স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করছেন। রাজনৈতিক পরিচয় বদলালেও তেল চুরির অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তিদের তৎপরতা বন্ধ হয়নি—এমন অভিযোগ ঘিরে এলাকায় ক্ষোভ বাড়ছে।
শফিক গ্রেপ্তার, বাকি দুজন কোথায় ?
জানা গেছে, চলতি মাসের ২৪ নভেম্বর মঙ্গলবার ফতুল্লার ফাজিলপুর এলাকা থেকে বৈষম্যবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা শফিককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে একই মামলার আসামি হিসেবে অভিযুক্ত স্বপন ও নাসির এখনো গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
তাদের প্রশ্ন, একই মামলার আসামি হওয়া সত্ত্বেও একজন গ্রেপ্তার হলেও অন্যরা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, শুধু বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে নয়, যমুনা অয়েল ডিপো ঘিরে তেল চুরি ও চাঁদাবাজির অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কারণে কেউ যেন আইনের আওতার বাইরে থাকতে না পারেন, সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী মামলার আসামি হলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। খুব শিগগিরই অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
এখন প্রশ্ন, শফিকের গ্রেপ্তারের পর স্বপন ও নাসিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান কবে দৃশ্যমান হবে? যমুনা অয়েল ডিপো ঘিরে দীর্ঘদিনের তেল চুরি ও চাঁদাবাজির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে কি না, সেটিও এখন স্থানীয়দের বড় প্রত্যাশা।
সুত্র: এনএনইউ২৪.কম




