নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মো. রমজান (৩২) ও শান্ত (২২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নিট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পের মোস্তাকিন ওরফে গফুর ভান্ডরীর ছেলে এবং শান্ত একই এলাকার তাইজুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির খ-জোনের পরিদর্শক রেজাউল ইসলাম ও উপপরিদর্শক বিপুল হোসেনের সমন্বয়ে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৫-৩২২১) জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ডিবি।




