কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর ছয়টি ইউনিট টহল দিয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। এ সময় জেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরে নিরাপত্তা মিছিল ও শোডাউন করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। যারা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করবে, জনগণ তাদের রাজপথেই জবাব দেবে।’
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘পুরো নারায়ণগঞ্জেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’
জাগো নিউজ




