ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ইয়াবা-গাঁজাসহ ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১২৪টি ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ১০ বোতল উইনসেরেঙ্ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানের এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, ৪ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ১৯টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী, ২০ মাদকসেবী, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৬ জনকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, ৪ ছিনতাইকারী, নিয়মিত মামলার ৪ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী, ৭ মাদকসেবী, নিয়মিত মামলার ১ আসামি ও নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। রূপগঞ্জ থানা পুলিশ ১০ বোতল উইনসেরেঙ্সহ ১ মাদক ব্যবসায়ী, ৫ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বন্দর থানা পুলিশ ২০টি ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী, ১ মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২ জন ও অন্যান্য ধারায় ১ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৩০টি ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবীসহ ৪ জনকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানা পুলিশ ২ মাদকসেবী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জনকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৮৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা, গাঁজা ও উইনসেরেঙ্ উদ্ধার করা হয়।




