নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ঠেকাতে সারাদেশে পুলিশ তৎপর থাকলেও নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিরুদ্ধে ভিন্ন চিত্রের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, থানা পুলিশের অভিযানে নিচের সারির কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও প্রভাবশালী নেতাদের ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করা হচ্ছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মদনপুরের আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার না করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয়দের একাংশের দাবি, মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে তাকে গ্রেপ্তারে অনীহা দেখাচ্ছেন ওসি জামাল উদ্দিন।
অন্যদিকে, নিজের ওপর আসা দায় এড়াতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশার ওপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে স্থানীয় এক যুবদল নেতা অভিযোগ করেন, “আমান উল্লাহ আমান আওয়ামী লীগ করা সত্ত্বেও পুলিশ কেন তাকে ধরছে নাÑএর কারণ একটাই, তার কাছ থেকে টাকা পেয়েছে, এজন্য ধরে না।”
আমান উল্লাহ আমানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক নিয়ে মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন বলেন, “আওয়ামী লীগের দোসর জেনেও বিএনপির শীর্ষ নেতারা তাকে শেল্টার দিচ্ছে।” শীর্ষ নেতাদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, “সেদিন তো মদনপুরে প্রোগ্রামে দেখেছেন স্টেজে কারা বসা ছিল? তার বিষয়ে তো সবাই জানে, কেউ কিছু বলছে না। আমরা তো ছোট মানুষ, চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই।”
একই প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেন শাহ মিঠু বলেন, “কী বলব ভাই, দুঃসময়ে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি; ঘরে ফিরে আসতে পারব কি না গ্যারান্টি ছিল না, তখনও রাজপথ ছাড়িনি। এখন সুসময়ে কাজকর্ম করবÑকিন্তু দুঃসময়ে বের হয়েছি, সুসময়ে বের হই না। মদনপুরে কাগজে-কলমে বিএনপি, কিন্তু হাকিকতে (বাস্তবে) আওয়ামী লীগÑএটাই বাস্তবতা। এখানে যাই কিছু করি না কেন, আপনি আমার লোক হলে ভালো, না হলে নাউজুবিল্লাহ। আপনি এখান থেকেই বুঝে নেন।”
এ বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামালউদ্দিন মুঠোফোনে বলেন, বিএনপির মিছিল মিটিং করছে। বিএনপির লোকদের সাথে থাকে। বিএনপির লোক তিনি কাগজ কলম দেখাচ্ছে। স্কুলের মিটিংয়ে আসছে কারো সাথে হাত মিলাইলে কি সে আওয়ামী লীগ।




