নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
এ ঘটনায় একই মসজিদের মুয়াজ্জিনসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানাধীন ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছ বাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার দরিচর এলাকার আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানাধীন আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন।
আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে সাইনবোর্ড এলাকা থেকে ভূঁইঘরের দিকে আসছিল একটি পুরোনো খালি বালুবাহী ট্রাক। ট্রাকটি দ্রুতগতিতে সার্ভিস লেনে প্রবেশ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, কয়েকটি দোকানপাট ও দুটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। একপর্যায়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাওলানা আকরাম হোসেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অবহিত হয়ে ফতুল্লা মডেল থানার নৈশকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ট্রাকের চাকার নিচ থেকে নিহত ইমামের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




