নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি সরবরাহ ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকা
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে শর্টগানের গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের বিভিন্ন ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি ও শ্রমিক সরবরাহ এবং এসব কার্যক্রম থেকে প্রাপ্ত কমিশনের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অনুসারীদের মধ্যে। স্থানীয় পর্যায়ে ইটভাটাকেন্দ্রিক প্রভাব বিস্তার ও আর্থিক লেনদেনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, টেঁটাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নরায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয়ধারী দুই পক্ষের এমন সংঘর্ষে বক্তাবলী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।




