ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন বক্তাবলীর চরবক্তাবলী এলাকায় অন্যের পাওয়ারকৃত জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে পুর্বগোপালনগর এলাকার বাসিন্দা সাবেক কৃষকদল নেতা আমির হোসেন বেপারীর বিরুদ্ধে।
জমির মালিক আবদুল হামিদ সুত্রে জানা যায় যে, চরবক্তাবলী মৌজাস্থিত সিএস দাগ নং ১৯২৮, এসএ দাগ নং ১৯২৯ ও আরএস দাগে নং ৭৮৮৪’র ৫০ শতাংশ হতে ৩০ শতাংশের মালিক তিনি।
তার সেই ৩০ শতাংশ জমি হতে তাকে না জানিয়ে কয়েকদিন যাবত মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন ফতুল্লা থানা কৃষকদলের সাবেক নেতা আমির হোসেন বেপারী।
তবে জমির মালিকপক্ষের দাবী,দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তাদেরকে না জানিয়ে জমি থেকে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করেছেন আমির হোসেন। আর তাদের এ ক্ষমতার কারনে আজ আমরা জমির মালিকরা অসহায়ের মতই তাকিয়ে রয়েছি। কিছুই বলতে পারছিনা তাদেরকে।
এ বিষয়ে অভিযুক্ত ফতুল্লা থানা কৃষকদলের সাবেক সভাপতি নেতা আমির হোসেন বেপারীর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, উক্ত দাগের জমিটি আমরা পৈত্রিক সুত্রে মালিক। আমার বাবা-চাচা ও ফুফুরা এ জমির মালিক। আর যারা এখন এটার মালিকানা দাবী করছেন তাদের কাছে একাধিকবার গিয়েছি কিন্তু তারা আমাদের কাগজপত্র না দেখে উল্টো ছুড়ে ফেলে দিয়েছে। এ জমিটির নামজারীসহ সকল প্রকার কাগজপত্র আমাদের কাছে রয়েছে।




