নারায়ণগঞ্জের ফতুল্লায় রাষ্ট্রায়ত্ত যমুনা ও মেঘনা তেল ডিপো ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এক দুর্ধর্ষ তেল চোর চক্র। দীর্ঘদিন ধরে ট্যাংকলরি থেকে জ্বালানি তেল সরিয়ে অবৈধ মজুত ও বিক্রির অভিযোগ থাকলেও এবার এই সিন্ডিকেটের বিরুদ্ধে উঠেছে আরও ভয়াবহ অভিযোগ। অনুসন্ধানে উঠে এসেছে, চোরাই তেলের অঢেল অর্থ দিয়ে একদিকে যেমন শূন্য থেকে শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়া হয়েছে, অন্যদিকে তেমনি ফতুল্লা শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতে ও নাশকতার পরিকল্পনায় জোগান দেওয়া হচ্ছে বিপুল অর্থ।
স্থানীয় একাধিক সূত্র, ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, ডিপোকেন্দ্রিক এই বিশাল কালোবাজারি ও চোরাই তেল সিন্ডিকেটের নেপথ্যে ও মাঠপর্যায়ে নেতৃত্বে রয়েছেন ট্যাংকলরি চালক অহিদ, তাঁর ছেলে রায়হান এবং যমুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। এই চক্রের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করছেন রায়হানের ফুফাতো ভাই সুজন ও তপু, বোনজামাই সায়মন ওরফে ‘ফেন্সি সায়মন’ এবং সাজেন।
স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত মেঘনা ও যমুনা ডিপো থেকে ৯ হাজার লিটার ধারণক্ষমতার ট্যাংকলরিগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়ার পর পথিমধ্যে নির্দিষ্ট কিছু গোপন স্থানে থামানো হয়। এরপর অভিনব কৌশলে প্রতিটি গাড়ি থেকে প্রায় এক হাজার লিটার পর্যন্ত ডিজেল ও অকটেন সরিয়ে নেওয়া হয়। এতে প্রকৃত পাম্প মালিকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পেয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকেরা।
অভিযোগ রয়েছে, ফতুল্লার পঞ্চবটি বনানী সিনেমা হলের সামনে একটি ভাড়া করা দোকান, কথিত গোডাউন এবং স্থানীয় আফাজউদ্দিনের ওয়ার্কশপের সামনে রাতের আঁধারে এই চোরাই তেল খালাস, মজুত ও কেনাবেচা চলে। এই কাজে সিনেমা হলের কয়েকজন কর্মচারী ও নিরাপত্তাকর্মীর যোগসাজশ রয়েছে বলেও দাবি স্থানীয়দের। পাশাপাশি অবৈধ কারবারকে বৈধ রূপ দিতে ‘আর.জে.টি এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্যও সামনে এসেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শত শত লিটার দাহ্য পদার্থ মজুত রাখায় পুরো এলাকা অগ্নিকাণ্ড ও ভয়াবহ প্রাণহানির ঝুঁকিতে পড়েছে। এ ছাড়া আফাজউদ্দিনের ওয়ার্কশপের সামনে রাতের বেলা মাদক ও জুয়ার আসর বসার অভিযোগও রয়েছে। চক্রটির অপকর্মের তথ্য সংগ্রহ করতে গেলে বা মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে রায়হানের সহযোগীরা মোবাইল ছিনিয়ে নেওয়াসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
একসময় চরম অর্থকষ্টে দিন কাটানো ট্যাংকলরি চালক অহিদ ও তাঁর ছেলে রায়হানের জীবনযাত্রায় অল্প সময়ের ব্যবধানে নাটকীয় পরিবর্তন এসেছে। স্থানীয়দের দাবি, বর্তমানে তাঁদের ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে রয়েছে একাধিক ট্যাংকলরি, বিলাসবহুল বাড়ি, প্রাইভেটকার, দামি মোটরসাইকেল ও বিপুল জমি-জমার মালিক বনে যায়। অনুসন্ধানে আরও জানা যায়, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের সঙ্গে রায়হানের দীর্ঘদিনের ব্যবসায়িক ঘনিষ্ঠতা রয়েছে এবং ১৮ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংকলরিতে দুজনের যৌথ অংশীদারত্বের কথাও শোনা যায়।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট নির্বিঘ্নে অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর শাহ্ নিজামের প্রত্যক্ষ মদতে অতীতে ডিপো এলাকায় একক আধিপত্য বিস্তার করেছিলেন অহিদ ও রায়হান। এমনকি জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চক্রটি কিছুদিন আত্মগোপনে থাকলেও স্থানীয় এক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুনরায় এলাকায় ফিরে তেল চুরির নিয়ন্ত্রণ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের দাবি, পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে শিল্পাঞ্চল ফতুল্লায় নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে চোরাই তেলের লভ্যাংশ থেকে অর্থ জোগান দেওয়া হচ্ছে এবং বনানী সিনেমা হলের সামনের দোকানে গোপনে নাশকতার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রায়হান তেল চুরি ও অবৈধ ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর নিজস্ব কোনো তেলের ব্যবসা বা লাইসেন্স নেই; তবে বাবার তেলের গাড়ি থাকায় সেই সুবাদে তেলের লাইনের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। অন্যদিকে, যৌথ ট্যাংকলরি ও সিন্ডিকেটের নেপথ্যে থাকার বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমান লিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার (এসবি) ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন জানান, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতাকারী বা অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল ও ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ডিপো থেকে তেল উত্তোলনের চালান, ট্যাংকলরির ডিজিটাল পরিমাপ ও ওজন যাচাইয়ের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযুক্তদের আয়কর নথি ও সম্পদের উৎস খতিয়ে দেখলেই এই বিশাল সিন্ডিকেটের মুখোশ উন্মোচিত হবে।




